যা হারানোর ছিল ইরান প্রায় সবই হারিয়েছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরানে সেনা পাঠানোর বিষয়টি তিনি ভাবছেন না এবং এমন পদক্ষেপকে তিনি সময়ের অপচয় বলে মনে করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই। তার ভাষায়, এটি শুধু সময় নষ্ট হবে। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যেই অনেক কিছু হারিয়েছে।
ট্রাম্প বলেন, তারা তাদের নৌবাহিনী হারিয়েছে এবং যা হারানোর ছিল প্রায় সবই হারিয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইরান সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্থল হামলার জন্য প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্প সেই মন্তব্যকে অযথা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
এছাড়া ট্রাম্প বলেন, তিনি ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামোয় পরিবর্তন দেখতে চান। তার মতে, দেশটির জন্য একজন ভালো নেতার প্রয়োজন।
তিনি আরও জানান, এমন কিছু মানুষ আছেন যাদের তিনি মনে করেন নেতৃত্বের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। তবে এ বিষয়ে তিনি কারও নাম প্রকাশ করেননি।