ভূমিকম্পের পর এবার ইরানে এসিড বৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইরানে ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন করে দেখা দিয়েছে এসিড বৃষ্টির আশঙ্কা। শনিবার রাতে ইসরায়েলের হামলায় রাজধানী তেহরানের জ্বালানি মজুদের একাধিক ট্যাংকে আগুন লাগে, যা প্রায় দশ ঘণ্টা পার হলেও এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বিবিসি ফার্সি বিভাগের খবরে বলা হয়েছে, ভয়াবহ ওই আগুনের কারণে তেহরানের বিশাল অংশের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এরই মধ্যে ইরানের রেড ক্রিসেন্ট সতর্ক করে জানিয়েছে, এই পরিস্থিতির কারণে এসিড বৃষ্টি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডল এবং মেঘের মধ্যে ছড়িয়ে পড়েছে। ফলে বৃষ্টি হলে সেই পানিতে এসিডের বৈশিষ্ট্য দেখা দিতে পারে, যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক।

সংস্থাটি আরও জানিয়েছে, এ ধরনের বৃষ্টির সংস্পর্শে এলে ত্বকে রাসায়নিক প্রতিক্রিয়া বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতিও হতে পারে।

নাগরিকদের সতর্ক করে রেড ক্রিসেন্ট বলেছে, যদি এই বৃষ্টি শরীরে লাগে তবে কোনোভাবেই সেই স্থান ঘষা যাবে না। বরং টানা ঠান্ডা পানির নিচে রেখে ধুয়ে ফেলতে হবে। এছাড়া বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় দ্রুত পরিবর্তন করে সেগুলো একটি বন্ধ ব্যাগে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দূষণের ঝুঁকি বিবেচনায় পরিবেশ সুরক্ষা সংস্থাও নাগরিকদের খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495