নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচিত নেতার নাম প্রকাশ করা হয়নি।

রোববার (৮ মার্চ) ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আহমাদ আলামোলহোদা জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে এবং একজনকে চূড়ান্ত করা হয়েছে। তবে তিনি এখনো তার নাম প্রকাশ করেননি।

আহমাদ আলামোলহোদার বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পরিষদের অধিকাংশ সদস্য নির্বাচনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে কিছু প্রক্রিয়া সম্পন্ন করা বাকি রয়েছে। এই ঘোষণা দেওয়ার দায়িত্ব রয়েছে বিশেষজ্ঞ পরিষদের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর।

এদিকে ইরানের সংবাদ সংস্থা ইসলামি ছাত্র সংবাদ সংস্থা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী পরিষদের সদস্য মোহসেন হায়দারি বলেছেন, বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের পরামর্শে সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

বিশেষজ্ঞ পরিষদ ইরানের ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় আলেমের একটি কাউন্সিল, যাদের জনগণের ভোটে নির্বাচিত করা হয়। দেশের সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে নতুন নেতা নির্বাচন করার দায়িত্ব এই পরিষদের ওপরই থাকে।

পরিষদের একজন সদস্য জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া নির্দেশনা অনুযায়ী একজন প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছিল—ইরানের শীর্ষ নেতা এমন হতে হবে, যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা নয়। নির্বাচিত উত্তরসূরি সম্পর্কে মোহসেন হায়দারি বলেন, এমনকি ‘বড় শয়তান’ বলে পরিচিত যুক্তরাষ্ট্রও তার নাম উল্লেখ করেছে।

এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে গ্রহণযোগ্য প্রার্থী নন।

অন্যদিকে ইসরাইল হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা করা হোক না কেন, তাকেই তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495