ইরানের আকাশে মেঘের ঘনঘটা, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম
ইরানের আকাশে দেখা দিয়েছে অস্বাভাবিক এক প্রাকৃতিক দৃশ্য। দেশটির রাজধানী তেহরানে আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়ে ঝরেছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃষ্টির পানিতে তেলের মতো পদার্থ মিশে থাকতে দেখা গেছে।
রোববার (০৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সকালে ঘুম থেকে উঠে তেহরানের প্রায় এক কোটি মানুষ আকাশ থেকে কালচে রঙের বৃষ্টি ঝরতে দেখেন। রাজধানী তেহরান থেকে সিএনএনের প্রতিনিধি ফ্রেড প্লিটজেন জানান, বৃষ্টির পানি দেখতে তেলের মতো কালো এবং ঘন মনে হচ্ছিল।
তার ভাষ্য অনুযায়ী, আকাশ থেকে ঝরে পড়া পানিতে তেলের উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তেহরানের আকাশে এমন তেলমিশ্রিত বৃষ্টি দেখা যাচ্ছে।
সিএনএন জানিয়েছে, শনিবার গভীর রাতে তেহরানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে অবস্থিত তেল শোধনাগার ও তেল সংরক্ষণাগারে ব্যাপক বিমান হামলা চালানো হয়। হামলার ফলে সৃষ্ট ঘন কালো ধোঁয়ায় পুরো আকাশ ঢেকে যায় এবং সেই ধোঁয়ার সঙ্গে বৃষ্টির পানি মিশে কালো বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তেহরানের শাহরান তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠছে।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় তেল উৎপাদন নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে কুয়েত। দেশটি তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।
শনিবার (০৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের জাতীয় তেল কোম্পানি উৎপাদন ও পরিশোধন কার্যক্রম আংশিকভাবে কমিয়ে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে এর আগে ইরাক ও কাতারও তেল ও গ্যাস উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়।