ইসরায়েলের তেলশোধনাগার ও মজুতকেন্দ্রে ইরানের ধারাবাহিক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফাকে লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দুপুরের পর থেকে শহরটির তেলশোধনাগার ও তেল মজুতকেন্দ্র লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার জন্য পাঠানো ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, সে বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের বিভিন্ন স্থানে ধারাবাহিক আক্রমণ চালিয়ে আসছে ইরান। একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে সক্রিয় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করেছে।

সাম্প্রতিক পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহ ধরে হাইফা শহরকে লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় আবারও শহরটির তেলশোধনাগার ও তেল মজুতকেন্দ্র লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়েছে।

এর আগে গত শনিবার ইসরায়েলি বাহিনী দাবি করে, তারা তেহরানের কয়েকটি তেল মজুতকেন্দ্রে আঘাত হেনেছে। পরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও তাদের তেল মজুত স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করে।

সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে কোনো অসামরিক শিল্প স্থাপনায় এটিই ছিল প্রথম বড় ধরনের হামলার ঘটনা। এর পরপরই ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি দেয় ইরান। ইসরায়েলের বিভিন্ন তেলশোধনকেন্দ্রে হামলা চালানো হবে বলেও সতর্ক করে ইরানের সামরিক বাহিনী।

এর আগে গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময়ও হাইফা শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সে সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে আগুন ধরে যায়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495