এবার ট্রাম্প বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। তবে এই বাড়তি দাম নিয়ন্ত্রণে নিজের কাছে একটি কার্যকর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন, তার পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সন্তুষ্ট হবে।
সোমবার (৯ মার্চ) ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের দশম দিনে নিউইয়র্ক পোস্ট পত্রিকাকে টেলিফোনে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি মন্তব্য করেন। যদিও পরিকল্পনার বিস্তারিত কিছু জানাননি, তবে পরিস্থিতি মোকাবিলায় আশাবাদী থাকার বার্তা দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও সেটি সামাল দেওয়ার জন্য তিনি একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছেন। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, তার কাছে প্রতিটি পরিস্থিতির জন্যই পরিকল্পনা রয়েছে। তার বিশ্বাস, পরিকল্পনাটি বাস্তবায়ন করা গেলে যুক্তরাষ্ট্রের জনগণ স্বস্তি পাবে এবং তেলের দামও দ্রুত কমে আসবে।