গুগলসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ত প্রযুক্তি কোম্পানি টার্গেট করবে আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও তাদের অবকাঠামোকে নতুন লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

বাহিনীটির ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সংযোগ রয়েছে—এমন শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের অফিস ও অবকাঠামোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, এসব প্রযুক্তি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে বলে সেগুলো এখন ইরানের সম্ভাব্য নতুন লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।

প্রকাশিত তালিকায় গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকলের নাম উল্লেখ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক সেবার অফিস ও অবকাঠামো ইসরায়েলের বিভিন্ন শহরের পাশাপাশি কয়েকটি উপসাগরীয় দেশেও রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

তাসনিমের ভাষ্য অনুযায়ী, চলমান সংঘাত যখন অবকাঠামো-কেন্দ্রিক যুদ্ধে রূপ নিচ্ছে, তখন ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’র পরিধিও বিস্তৃত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে অঞ্চলজুড়ে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকেও লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরান। খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানের একটি ব্যাংকের ওপর হামলার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, এখন অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট শাসনব্যবস্থা’ সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে এসব ব্যাংকের এক কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষকে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495