সৌদি আরবের পাশে থাকার ঘোষণা পাকিস্তানের, প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবকে প্রয়োজন হলে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকার জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে রিয়াদের পাশে থাকবে ইসলামাবাদ।

ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোহসাররফ জাইদি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন এবং যখনই প্রয়োজন হবে, পাকিস্তান সৌদি আরবকে সহায়তা করতে প্রস্তুত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলেও তিনি মন্তব্য করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার প্রভাব সৌদি আরবেও পড়ে।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক দেশগুলোতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তেহরান জানিয়েছে, যেসব স্থান থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে সেগুলোকেই তারা লক্ষ্যবস্তু করবে।

গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর হামলাকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।

এর একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এর আগে পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির সৌদি আরব সফর করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। সেখানে যৌথ প্রতিরক্ষা চুক্তির আলোকে ইরানের হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, ইসলামাবাদ ইরানকে সৌদি আরবের ওপর হামলা বন্ধ করতে রাজি করানোর চেষ্টা করছে। তিনি বলেন, সামরিক নেতৃত্ব ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ভুল বোঝাবুঝি দূর করে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা করার চেষ্টা চলছে।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানান, ইরান জানিয়েছে—যদি সৌদি আরব নিশ্চয়তা দেয় যে তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে না, তাহলে তেহরানও সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাবে না।

পাকিস্তান–সৌদি সম্পর্ক প্রসঙ্গে মোহসাররফ জাইদি বলেন, ইসলামাবাদ ও রিয়াদ সব সময়ই একে অপরের পাশে থাকার নীতি অনুসরণ করে এসেছে।

তিনি আরও জানান, সংঘাত শুরুর পর থেকেই সৌদি আরব পাকিস্তানের জন্য তেল ও ডিজেল সরবরাহ অব্যাহত রাখতে সহায়তা করছে। কারণ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তান এখন লোহিত সাগর হয়ে তেল আমদানি শুরু করেছে বলে জানা গেছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের একটি জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ৭৩ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে বৃহস্পতিবার করাচির উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া ‘শালামার’ নামের আরেকটি জাহাজ ফুজাইরাহ বন্দর থেকে তেল নিয়ে ইতোমধ্যে করাচির পথে রয়েছে।

তবে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে কয়েকটি জাহাজ চলাচলে সমস্যায় পড়েছে। পাকিস্তানের দুটি জাহাজ বর্তমানে করাচি উপকূলের কাছে এবং একটি চার্টার বন্দরের কাছে আটকে রয়েছে।

সূত্র: জিও নিউজ

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495