যুদ্ধ বন্ধে ৩ শর্ত দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধে তিনটি শর্ত ঘোষণা করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ করা হলে সংঘাত বন্ধ করা সম্ভব।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান যুদ্ধ বন্ধের জন্য ইরানের অবস্থান তুলে ধরেন।

তিনি জানান, প্রথমত ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন না হওয়ার নিশ্চয়তা দিতে শক্ত আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবলফজল শেকারচি রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং–কে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দর স্থাপনায় হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরের কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থাপনা ইরানের পাল্টা হামলার বাইরে থাকবে না।

এর আগে যুক্তরাষ্ট্র তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ইরানের বন্দর এলাকায় চলমান নৌ-অভিযান থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালানোর পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্র: আল-জাজিরা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495