ইরানের নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সদ্য নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির সরকার ও সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’ বিষয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সামরিক ও অর্থনৈতিক সব দিক থেকে ইরানের শাসনব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হচ্ছে।

তিনি বলেন, ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে এবং তাদের বিমানবাহিনীও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও ধ্বংস করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরানের অনেক শীর্ষ নেতাকেও পৃথিবীর পৃষ্ঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের সমালোচনা করে ট্রাম্প বলেন, “এত কিছুর পরও যদি কেউ নিউ ইয়র্ক টাইমস পড়ে, তাহলে মনে হবে যেন আমরা এই যুদ্ধে হেরে যাচ্ছি।”

ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে অতুলনীয় সামরিক শক্তি, বিপুল গোলাবারুদ এবং পর্যাপ্ত সময়। তিনি বলেন, গত ৪৭ বছর ধরে ইরানের শাসকগোষ্ঠী বিশ্বজুড়ে নিরীহ মানুষ হত্যা করেছে। এখন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারা তার জন্য বড় সম্মানের বিষয়।

এর আগে বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলার প্রথম দিনেই আহত হয়েছিলেন।

তিনি বলেন, তার ধারণা মোজতবা খামেনি আহত হয়েছেন, তবে কোনোভাবে এখনো বেঁচে আছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে ৮ মার্চ ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটের মাধ্যমে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো তিনি জনসম্মুখে আসেননি।

এদিকে সম্প্রতি সাইপ্রাসে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে বলেন, তার শোনা তথ্য অনুযায়ী মোজতবা খামেনির হাত, পা ও বাহুতে আঘাত লেগেছে এবং তিনি আহত অবস্থায় হাসপাতালে থাকতে পারেন।

সূত্র: আনাদোলু

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495