ইরানের হামলার ভয়ে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম
ইরানের সম্ভাব্য হামলার আতঙ্কে চরম উদ্বেগ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ইসরায়েলের বাসিন্দারা। সাইরেন বাজলেই প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ছুটতে হচ্ছে তাদের। এই পরিস্থিতির প্রভাব পড়ছে মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও। ফলে দেশটিতে মানসিক রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল নিয়ন্ত্রিত দখলকৃত অঞ্চলে সাইরেনের শব্দ এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ইরান কিংবা লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বা চালকবিহীন ড্রোন হামলার আশঙ্কা দেখা দিলেই বাজতে শুরু করে সতর্ক সংকেত। সাইরেন শুনে বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়। কিছু সময় পর বিপদ কেটে যাওয়ার ঘোষণা এলে তারা আবার ঘরে ফেরেন। তবে কয়েক ঘণ্টা পরপর একই পরিস্থিতি তৈরি হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।
এদিকে প্রযুক্তিগত ত্রুটিও পরিস্থিতিকে জটিল করে তুলছে। তাসনিম নিউজের দাবি, অনেক সময় কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন না এলেও সাইরেন বেজে উঠছে, যা মানুষের মধ্যে অকারণ ভীতি ছড়াচ্ছে। আবার কখনো কখনো হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও সাইরেন না বাজায় তৈরি হচ্ছে চরম অনিশ্চয়তা।
এমন বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে মৃত্যুভয় ও মানসিক চাপ বাড়ছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান এই সংঘাতকে অনেকে ‘রমজান যুদ্ধ’ বলেও আখ্যা দিচ্ছেন। যুদ্ধের শুরু থেকেই টানা আতঙ্ক, নির্ঘুম রাত এবং আশ্রয়কেন্দ্রে বারবার ছুটোছুটির ফলে ইসরায়েলিদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়ছে।