একযোগে ১০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত

একযোগে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে ১০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শনাক্ত করা হয়।

এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া নজরদারি ও সতর্কতা আরও জোরদার করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তথ্য বিনিময় এবং প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে গিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ জানুয়ারি উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সে সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উপমন্ত্রী এলব্রিজ কোলবি এশিয়া সফরে ছিলেন।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’-এর প্রতিক্রিয়া হিসেবেই নতুন করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

গত ৯ মার্চ শুরু হওয়া এই যৌথ মহড়া ১৯ মার্চ পর্যন্ত চলবে বলে জানা গেছে। উত্তর কোরিয়া মহড়াটিকে ‘আক্রমণাত্মক’ বলে আখ্যা দিয়েছে।

এদিকে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-বিভাগীয় পরিচালক কিম জং এক বিবৃতিতে সতর্ক করে বলেন, শত্রুপক্ষের বাহিনী দেশের সার্বভৌম নিরাপত্তা অঞ্চলের কাছাকাছি যে সামরিক উসকানি চালাচ্ছে, তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495