ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের তেল আবিবসহ অন্তত তিনটি শহর কেঁপে উঠেছে। চলমান সংঘাতের ১৬তম দিনে রোববার ইহুদিবাদী রাষ্ট্রটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার ঘটনায় মধ্য ইসরায়েলে অন্তত দুইজন আহত হয়েছেন। এছাড়া দখলকৃত পশ্চিম তীর এলাকায় আরও তিনজন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের বরাতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৫০ বছর বয়সী দুই ব্যক্তি আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলের দক্ষিণের শহর ইলাত এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় উপ-বোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ে।
এর আগে ইলাত শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ক্লাস্টার বোমা বহনকারী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।