নেতানিয়াহু কি সত্যি মারা গেছেন? যা বলল প্রধানমন্ত্রীর কার্যালয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন—এমন গুঞ্জনের বিষয়ে অবশেষে মুখ খুলেছে তার কার্যালয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু নিহত হওয়ার খবর সম্পূর্ণ গুজব এবং তিনি সুস্থ আছেন।
রোববার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের পাল্টা হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন—এমন দাবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এসব খবর ভুয়া এবং বিভ্রান্তিকর। প্রধানমন্ত্রী ভালো আছেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। সংস্থাটি জানিয়েছে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে।
ইরানের গণমাধ্যমে প্রকাশিত ওই বাহিনীর এক বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ হিসেবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, তিনি যদি জীবিত থাকেন তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে।
গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান এমন অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে।