বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর অনীহা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা নেওয়া কিছু দেশ এখন গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে এগিয়ে আসতে আগ্রহ দেখাচ্ছে না।

সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে এক বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিকে স্বাভাবিক রাখতে কিছু দেশ সহযোগিতার আগ্রহ দেখালেও অনেকেই এতে অংশ নিতে অনাগ্রহী। বিশেষ করে যেসব দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছে, তাদের এমন অবস্থানকে তিনি বিস্ময়কর বলে উল্লেখ করেন।

ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, কয়েকটি দেশ ইতোমধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস দিয়েছে। তবে দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও অনেক দেশ এই উদ্যোগে অংশ নিতে আগ্রহী নয়, যা তার কাছে প্রত্যাশিত ছিল না।

ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র বছরের পর বছর বিভিন্ন ঝুঁকি থেকে রক্ষা করেছে, তাদের কাছ থেকে এমন অনাগ্রহ গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে মিত্র দেশগুলোর সক্রিয় অংশগ্রহণকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

এদিকে একই দিনে কয়েকটি মিত্র দেশ জানিয়েছে, হরমুজ প্রণালি সচল রাখতে আপাতত তারা কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে না। এমন প্রেক্ষাপটেই ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মিত্র দেশগুলোর এই নির্লিপ্ততা ট্রাম্প প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে অন্তত ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। তবে বর্তমানে সেখানে নতুন করে কোনো মাইন বসানো হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।

এই নৌপথ দিয়ে জ্বালানি তেলসহ আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা এই অভিযানের মূল লক্ষ্য বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে।

মিত্রদের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বহু দেশকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে এসেছে, কিন্তু সংকটের সময়ে তাদের প্রত্যাশিত সক্রিয়তা দেখা যাচ্ছে না। এ অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, কারণ অনেক দেশই ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহী নয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495