ইসরায়েলের অস্ত্র কারখানা ও সাইবার কেন্দ্রে হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনা ও সাইবার প্রযুক্তি কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এই হামলা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্য করে হামলা চালায় ইরানের সেনাবাহিনী।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র দেশটির সামরিক বাহিনীকে নির্দেশনানির্ভর অস্ত্র ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে আসছে। পাশাপাশি ইরানের জনবহুল এলাকাগুলোতে হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের অভিযোগও আনা হয়েছে।