ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:০২ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের অবশিষ্ট শক্তি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোর প্রতি এ সংকট মোকাবিলায় দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হলে এবং প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে দায়িত্ব নিতে বাধ্য করা হলে পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে। তিনি আরও বলেন, এতে যুক্তরাষ্ট্রের কিছু নিষ্ক্রিয় ও অসহযোগী মিত্রও সক্রিয় হয়ে উঠবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এ হামলায় এখন পর্যন্ত প্রায় এক হাজার তিনশ মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, এসব হামলা মূলত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, যার ফলে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এদিকে, গত ১ মার্চ থেকে কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি চীনের সহায়তা কামনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: আনাদোলু

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495