ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের, সম্মিলিত পদক্ষেপের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইরান যদি সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালায়, তাহলে তা আর সহ্য করা হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

রিয়াদে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তেহরানকে তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ইরান পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে, যদিও ইরানের কূটনীতিকরা তা অস্বীকার করছে। হামলাগুলোর লক্ষ্যবস্তুতে যে নির্ভুলতা দেখা গেছে, তা থেকে বোঝা যায় এগুলো আগে থেকেই পরিকল্পনা করে করা হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি আরবের ধৈর্যের সীমা আছে, তবে তা অসীম নয়। হামলার জবাব কখন দেওয়া হবে, তা আগাম জানানো বুদ্ধিমানের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইরানের বিরুদ্ধে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার অভিযোগ ওঠে। এতে কাতারের রাস লাফান গ্যাস স্থাপনা এবং সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কাতার সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সংঘাত শেষ হলেও ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে দীর্ঘ সময় লাগবে, কারণ দুই দেশের মধ্যে আস্থা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে উঠবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495