ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম
ইরানে সম্ভাব্য স্থল হামলা চালাতে বিস্তৃত পরিকল্পনা ও জোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত বিস্তারিত কৌশল প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে এ তথ্য।
সূত্রগুলো জানায়, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ইরানে স্থল অভিযান পরিচালনার জন্য বিশেষ পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন। এতে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প কৌশল নির্ধারণ করা হয়েছে।
তবে ইরানে সরাসরি সেনা পাঠানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তার ওপর নির্ভর করেই তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানে স্থল সেনা পাঠাতে চান না। তবে একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে এমন সিদ্ধান্ত নিলেও তা আগেভাগে প্রকাশ করা হবে না।
স্থল হামলার প্রস্তুতি প্রসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সামরিক পরিকল্পনা করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব। এর মাধ্যমে সেনাবাহিনীর সর্বাধিনায়কের সামনে একাধিক বিকল্প রাখা হয়। তবে পরিকল্পনা থাকলেই যে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়।
এ পরিকল্পনা এতটাই বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে যে, সম্ভাব্য অভিযানে ইরানের সেনা বা আধাসামরিক বাহিনীর সদস্যদের আটক করা হলে তাদের কীভাবে ব্যবস্থাপনা করা হবে, কোথায় রাখা হবে—এসব বিষয়ও নির্ধারণ করা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাজ্য কয়েক হাজার মেরিন সেনা পাঠানো শুরু করেছে। ধারণা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে তারা সেখানে পৌঁছে যাবে।
সূত্র: সিবিএস নিউজ