ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের, জবাবে ইরানের পাল্টা হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি পুরোপুরি চালু না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে এবং কোনো ধরনের হুমকি ছাড়াই খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে। এ হামলা সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র দিয়ে শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে সবচেয়ে বড় হিসেবে ধরা হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। তার নির্ধারিত সময় অনুযায়ী, প্রণালি খুলে দেওয়ার শেষ সময় ধরা হচ্ছে সোমবার রাত।
এদিকে ট্রাম্পের এই হুমকির জবাবে পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামো ও পানিসংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
উল্লেখ্য, এর একদিন আগেই ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। তখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।