ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং চলমান উত্তেজনা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব শত্রুতা মিটিয়ে ফেলার বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে।
ট্রাম্প জানান, এই ইতিবাচক অগ্রগতির কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী পাঁচ দিনে ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে। তবে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যৎ সিদ্ধান্ত আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।
এর আগে গত শনিবার ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন। অন্যথায় দেশের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন।
এই হুমকির জবাবে ইরান কঠোর অবস্থান নেয়। তেহরান জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করবে, যেগুলো মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে।
যদিও ট্রাম্প আলোচনার অগ্রগতির কথা বলেছেন, ইরান এখন পর্যন্ত এ ধরনের কোনো আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেনি। বরং সাম্প্রতিক সময়ে দেশটি বারবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা করতে আগ্রহী নয়।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগেই হামলা স্থগিত ঘোষণা একটি নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে। সূত্র: আলজাজিরা