মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর সোমবার এক ঘোষণা দিয়েছে, যাতে বলা হয়েছে তারা একযোগে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
আইআরজিসি জানায়, মার্কিন ঘাঁটিগুলো—আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর ও কিং সুলতান—এ হামলায় ব্যবহৃত হয়েছে ‘কিয়াম’ (তরল জ্বালানি) এবং ‘জুলফিকার’ (সলিড জ্বালানি) ক্ষেপণাস্ত্র।
ইসরায়েলের আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশ দান শহরের সেনাবাহিনীর স্থাপনার উপর হামলা করা হয়েছে ‘খায়বার-শেকান’ এবং ‘কিয়াম’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইতিবাচক আলোচনার চেষ্টা হয়েছে এবং আলোচনা সফল হলে সামরিক হামলা স্থগিত থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, এ পদক্ষেপ আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রেসিডেন্টের ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে ৮৫.২৮ ডলারে নেমেছে।
বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে প্রণালির কার্যক্রম সীমিত হওয়ায় তেলের বাজারে চাপ সৃষ্টি হয়েছিল। তবে প্রেসিডেন্টের স্থগিত ঘোষণার ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।
মধ্যপ্রাচ্যে নতুন বড় সংঘাতের আশঙ্কা থাকলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে।