ইরান যুদ্ধ থেকে ফিরে গেল বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ইরান সংশ্লিষ্ট উত্তেজনার মধ্যে যুদ্ধমুখে থাকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ গেরাল্ড আর ফোর্ডকে ফিরে যেতে হচ্ছে। আগুন লাগা ও যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি গ্রিসের ক্রিট দ্বীপে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সূত্র জানায়, জাহাজটির লন্ড্রি বিভাগে ভয়াবহ আগুন লাগে এবং নাবিকদের ব্যবহারের জন্য থাকা ওয়াশরুমগুলোর বড় অংশ অচল হয়ে পড়ে। ফলে এটি আর কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছিল না।

গত ৪ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চলমান উত্তেজনার সময় মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দেন মধ্যপ্রাচ্যের জলসীমায় তিনটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করতে। সেই নির্দেশে গেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কনসহ একাধিক জাহাজ সেখানে অবস্থান নেয়।

তবে গত ১২ মার্চ গেরাল্ড আর ফোর্ডের লন্ড্রি বিভাগে আগুন লাগার ঘটনায় দু’জন নাবিক আহত হন এবং প্রায় ১০০টি শয্যা ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে জাহাজটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় অধিকাংশ ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

বিশেষজ্ঞরা জানান, এমন পরিস্থিতিতে সমুদ্রে থেকে মেরামত করা সম্ভব নয়। এজন্য জাহাজটিকে ডকইয়ার্ডে নিয়ে যেতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ম অনুযায়ী, একটি যুদ্ধজাহাজ টানা ছয় মাসের বেশি সাগরে টহল দিতে পারে না। কিন্তু গেরাল্ড আর ফোর্ড ইতিমধ্যে প্রায় নয় মাস টহলে ছিল, যা নাবিকদের ক্লান্তি এবং যান্ত্রিক সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

সবদিক বিবেচনায় নিয়ে জাহাজটিকে গ্রিসের ক্রিট দ্বীপে ফিরিয়ে মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক পরিস্থিতি থেকে আপাতত সরে যাচ্ছে এই যুদ্ধজাহাজটি। সূত্র: এএফপি

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495