মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের, ভিডিও প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:১১ পিএম
ইরানের দক্ষিণ উপকূলে সিস্তাত-বালুচিস্তান অঞ্চলের চাবাহার বন্দর এলাকায় একটি মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। এ বিষয়ে তারা এক বিবৃতি দিয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি।
ইরানের গণমাধ্যমে সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান উড়ে যেতে দেখা গেছে। ভিডিওগুলোর অন্তত একটি চাবাহার বন্দর এলাকার টিস সেতুর কাছে ধারণ করা হয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়ন্ত যুদ্ধবিমানটিতে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং এর লেজের দিকে বিস্ফোরণ হয়েছে। তবে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে কি না তা স্পষ্টভাবে দেখা যায়নি।
অন্যদিকে, ওয়াশিংটন এই দাবিকে নাকচ করেছে। যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড ইরানের দাবিকে মিথ্যা আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, কোনো মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি।
উল্লেখ্য, এই ধরনের যুদ্ধবিমানগুলো মার্কিন নৌবাহিনী এবং মেরিন বাহিনীর প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয়। মূলত এগুলো বিমানবাহী রণতরী থেকে পরিচালনার উপযোগী বহুমুখী যুদ্ধবিমান। এছাড়া আরব সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত টহল ও সামরিক অভিযানে এগুলো ব্যবহার করা হয়।
তথ্য অনুযায়ী, ‘তুকিয়ে টুডে’ নামের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এফ-১৮ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।