হরমুজ প্রণালির দায়িত্বে থাকা ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তিনি হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন।
ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর বন্দরআব্বাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আলিরেজা তাংসিরি হরমুজ প্রণালীতে মাইন স্থাপন ও সামুদ্রিক যান চলাচল বন্ধ করার জন্য সরাসরি দায়ী ছিলেন। তাই ইসরায়েলি বাহিনী তাকে নির্মূল করেছে।
ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে এই দাবি সত্য হলে, এটি চতুর্থ সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইরানে সর্বশেষ উচ্চপদস্থ কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা হিসেবে ধরা হবে।
তাংসিরি ২০১৮ সাল থেকে দায়িত্বে ছিলেন এবং তার অভিজ্ঞতা হরমুজ প্রণালি নিরাপদ রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি এখনো অল্প কিছু বড় মাপের ইরানি সামরিক কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন, যারা মার্কিন-ইসরায়েলি গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হয়েছেন। তবে ইরানের শাসকগোষ্ঠীর যুদ্ধ কৌশল ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা এখনও বজায় আছে। নতুন কোনো নেতা নিহতের পরে তার উত্তরসূরি নিয়োগ দেওয়া হচ্ছে।