সময় শেষ হওয়ার আগেই সিরিয়াস হও: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, চলমান যুদ্ধে চার সপ্তাহের মধ্যে আলোচনা শুরু না হলে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এ কথা জানান।

ট্রম্প বলেন, “ইরানি আলোচকরা খুব ভিন্ন এবং অদ্ভুত আচরণ করছে। তারা চুক্তির জন্য আমাদের কাছে অনুরোধ করছে, যা মূলত তাদের নিজের দায়িত্ব। সামরিকভাবে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। অথচ তারা প্রকাশ্যে বলছে যে তারা কেবল আমাদের প্রস্তাব বিবেচনা করছে। এটি ভুল!”

তিনি আরও বলেন, “তাদের দ্রুত সিরিয়াস হতে হবে, সময় শেষ হওয়ার আগেই। একবার পরিস্থিতি ভয়ঙ্কর পর্যায়ে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তখন পরিস্থিতি মোটেও সুখকর হবে না।”

এমন মন্তব্যের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রথমবারের মতো নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। আলোচনায় ইসলামাবাদ সরকার ছাড়াও মিশর, তুরস্কসহ আরও কয়েকটি দেশ মধ্যস্থতা করছে।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চলতি সপ্তাহান্তে পাকিস্তানে গিয়ে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে পারেন—এমন খবর ছড়ালেও সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বাস্তবায়নের সম্ভাবনা এখনও কম।

এর আগে গত সোমবার ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেন। উদ্দেশ্য ছিল আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি করা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা এবং শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রাখে।

যুক্তরাষ্ট্র ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব দেয়। এতে ধ্বংস করতে বলা হয় ইরানের পারমাণবিক স্থাপনা, পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ, সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা, হরমুজ প্রণালি খোলা রাখা এবং হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার শর্ত।

যদিও ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে, তেহরান এসব শর্ত প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দেয়। ইরান জানায়, তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ রাখতে চায় এবং মিত্র গোষ্ঠীগুলোকে সহায়তা অব্যাহত রাখতে চায়। আলোচনা চলাকালীন মার্কিন নৌ ও স্থল বাহিনী সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের জন্য মধ্যপ্রাচ্যে অবস্থান নিচ্ছে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495