যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাববে যা বললো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:২২ পিএম

ছবি: সংগৃহীত

ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের জবাব দিয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির সূত্রে এই খবর জানা গেছে।

এর আগে বুধবার মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধবিরতির জন্য ১৫ দফা প্রস্তাব পাঠায়।

সূত্রটি জানায়, ইরান তার জবাবে স্পষ্টভাবে উল্লেখ করেছে, প্রতিপক্ষের আগ্রাসী হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো যুদ্ধ না হয়, সে জন্য নির্দিষ্ট ও কার্যকর শর্ত নির্ধারণ করতে হবে। একইসঙ্গে যুদ্ধের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।

ইরান আরও বলেছে, যুদ্ধের অবসান শুধু একটি ফ্রন্টে নয়, বরং এই সংঘাতে অংশ নেওয়া সব প্রতিরোধ গোষ্ঠীর ক্ষেত্রেও কার্যকর করতে হবে।

সূত্রটি জানায়, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব একটি স্বাভাবিক ও আইনগত অধিকার এবং এটি বজায় থাকবে। একইসঙ্গে অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা হিসেবেও এটি বিবেচিত হবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে।

তথ্য অনুযায়ী, এসব শর্ত জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার দাবির বাইরে— যা ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল আগ্রাসনের কয়েক দিন আগে অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে, ইরান যুক্তরাষ্ট্রের অবস্থানকে তৃতীয় ধোঁকাবাজি হিসেবে দেখছে। তাদের মতে, আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র কয়েকটি লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে— বিশ্বে শান্তির বার্তা প্রদর্শনের ভান, বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা এবং দক্ষিণ ইরানে সম্ভাব্য স্থল আগ্রাসনের জন্য সময় নেওয়া।

সূত্রটি আরও জানায়, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল নিয়ে ইরানের কিছু সংশয় থাকলেও, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে তাদের পূর্ণ সন্দেহ তৈরি হয়েছে।

ওই সূত্রের দাবি, ১২ দিনের যুদ্ধের সময় এবং চলমান সংঘাতের মধ্যেও আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে। এবারও একই কৌশলে নতুন আগ্রাসনের পথ তৈরি করার চেষ্টা করছে বলে তেহরান অভিযোগ করেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495