হরমুজ থেকে ইরানকে টোল নিতে দেব না, টোল নেব আমরা: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের পরিকল্পনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইরানকে সেখানে টোল নিতে দেওয়া হবে না; বরং যুক্তরাষ্ট্রই টোল আদায় করতে পারে।
এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমরা কেন টোল নেব না? আমরা বিজয়ী। তাদের টোল নিতে দেব না, প্রয়োজনে আমরাই নেব।”
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে টোল আদায়ের উদ্যোগ নেয়, তাহলে সেখানে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রশ্ন উঠতে পারে, যা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।
এদিকে একই বক্তব্যে ইরানকে ঘিরে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না এলে ইরানকে “এক রাতেই তছনছ করে দেওয়া হতে পারে”।
স্থানীয় সময় সোমবার দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে চুক্তিতে সম্মত না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
তিনি দাবি করেন, ইরানের কাছে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা তা নিয়ে আলোচনা করছেন। তবে তার এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। যেকোনো চুক্তির ক্ষেত্রে হামলা স্থায়ীভাবে বন্ধ এবং যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার শর্ত দিয়েছে তেহরান।
ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেন, প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হতে পারে।