থেমে গেল ট্রাম্পের গর্জন, ইরানে হামলা ২ সপ্তাহ স্থগিতের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
ইরানে সম্ভাব্য সামরিক অভিযান থেকে আপাতত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই সপ্তাহের জন্য ইরানে হামলা ও বোমাবর্ষণ স্থগিত রাখতে সম্মত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে— এমন শর্তেই এই সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির-এর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে ইরানে তাৎক্ষণিক সামরিক শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছিল বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ, দ্রুত ও নিরাপদভাবে খুলে দেয়, তাহলে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখা হবে। তিনি এটিকে একটি সম্ভাব্য দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি হিসেবেও উল্লেখ করেন।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এরও বেশি অগ্রগতি হয়েছে। পাশাপাশি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে ১০ দফার একটি প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অতীতের বেশিরভাগ বিরোধ নিষ্পত্তির পথে রয়েছে এবং এই দুই সপ্তাহের সময়কাল চূড়ান্ত চুক্তি সম্পন্ন করতে সহায়ক হবে।
শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় এমন একটি সমাধানের কাছাকাছি পৌঁছানো তার জন্য গর্বের বিষয়।