আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে ১০ প্রস্তাব দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর আলোচনার জন্য ১০ দফার একটি প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী ১০ এপ্রিল থেকে ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হবে। এ তথ্য প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। উভয় পক্ষের সম্মতিতে আলোচনার সময়সীমা বাড়ানো হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইরান স্পষ্ট করেছে, এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নয়। ১০ দফা প্রস্তাবের বিষয়ে পূর্ণ সমঝোতা না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

ইরানি গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রস্তাবের মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, ইরানের সহযোগী গোষ্ঠীগুলোর সঙ্গে সব ধরনের সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার।

এছাড়া ইরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত দেওয়া এবং যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবগুলো হলো—

১. যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে।
২. হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে হবে।
৩. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করতে হবে।
৪. সব ধরনের প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
৫. সব পরোক্ষ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে।
৭. আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নরসের সব সিদ্ধান্ত বাতিল করতে হবে।
৮. ইরানের ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
৯. অঞ্চল থেকে মার্কিন বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে।
১০. ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে।

বিশ্লেষকদের মতে, এই শর্তগুলো আলোচনার ভিত্তি হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495