‘বড় বিজয় অর্জিত হয়েছে’, যুদ্ধবিরতির পর দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতির পর ইরানও এটিকে ‘বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেছে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা ইরানিয়ান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “ইরানিদের লক্ষ্য করে অবৈধ, কাপুরুষোচিত এবং অপরাধমূলক যুদ্ধের জন্য শত্রুপক্ষ ইতোমধ্যে তর্কাতীত, ঐতিহাসিক এবং বিধ্বংসী পরাজয় ভোগ করা শুরু করেছে। ইরান বড় বিজয় অর্জন করেছে।”

একই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির ঘোষণার পর মঙ্গলবার এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, “এটা আমাদের সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়… একদম শতভাগ। এ বিষয়ে আর কোনো প্রশ্ন নেই।”

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার এক সপ্তাহ পর পাকিস্তানকে মধ্যস্থতাকারীর ভূমিকায় আহ্বান জানান ট্রাম্প। মার্চে তিনি ইরানকে ১৫ পয়েন্টের একটি শান্তি প্রস্তাব পাঠান। ইরান প্রথমে এটি প্রত্যাখ্যান করলে ট্রাম্প পরে সংশোধিত সংস্করণ পাঠান, যেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা উল্লেখ ছিল।

ইরান সেই প্রস্তাব পর্যালোচনা করে মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা ট্রাম্পও গ্রহণ করেন।

যুদ্ধবিরতির আগে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, সমঝোতা না হলে দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। তবে নতুন দুই সপ্তাহের যুদ্ধবিরতি ব্যর্থ হলে ট্রাম্প কী পদক্ষেপ নেবেন—এ বিষয়ে তিনি বলেন, “আপনাদের ধৈর্য ধরতে হবে। চীন মধ্যস্থতায় এগিয়ে আসতে পারে। আমি বিশ্বাস করি এই সময়ের মধ্যে ইরানকে আলোচনার টেবিলে আনা এবং সমঝোতা চুক্তিতে পৌঁছাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সূত্র: গালফ নিউজ

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495