ইরান-যুক্তরাষ্ট্র শেহবাজের কথা শুনলেও লেবাননে হামলা থামাবে না নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:১১ পিএম
মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির মধ্যে লেবানন ইস্যুতে ইসরায়েলের অনড় অবস্থার কারণে নতুন সংকট সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, সব পক্ষ লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাবের আওতাভুক্ত নয় এবং লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। এতে আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যের সম্ভাবনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে সংঘাত থামার লক্ষণ দেখা যাচ্ছে না।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে নীতিগত সমর্থন থাকলেও লেবানন এই চুক্তির বাইরে রাখা হয়েছে। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মূল লক্ষ্য হলো ইরানকে এমন অবস্থানে আনা যাতে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে।
ইসরায়েল এই লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার পথকে সাধুবাদ জানালেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে অটল। এই ঘোষণা ওয়াশিংটন ও তেহরানের মধ্যবর্তী সাময়িক সমঝোতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
অপর দিকে শেহবাজ শরিফ এক আবেগঘন বার্তায় জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে লেবাননসহ সব অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে একমত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে বলেছেন, ‘ইসলামাবাদে ১০ এপ্রিল অনুষ্ঠিত আলোচনায় সব বিরোধ নিষ্পত্তির চেষ্টা হবে এবং এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনবে।’
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেহবাজের ‘সর্বত্র যুদ্ধবিরতি’ দাবি এবং নেতানিয়াহুর ‘লেবানন বাদ দিয়ে অভিযান’ ঘোষণার মধ্যে তৈরি বৈপরীত্যের মধ্যে ১০ এপ্রিলের ইসলামাবাদ বৈঠকই সংকটের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করবে।
সূত্র: আল জাজিরা, শেহবাজ শরিফ এক্স পোস্ট