যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে যা বলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
ভারত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবার (৮ এপ্রিল) দেওয়া বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে, এই উদ্যোগ পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনায় সহায়ক হবে।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
ভারত তার পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, চলমান সংকট নিরসনে সংলাপ ও কূটনীতিই সবচেয়ে কার্যকর পথ। নৌ চলাচলের স্বাধীনতা এবং বৈশ্বিক বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব তুলে ধরে ভারত জানিয়েছে, অঞ্চলের অস্থিতিশীলতা ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান সংঘাতের কারণে মানবিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পেয়েছে। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
উল্লেখ্য, উত্তেজনা প্রশমিত করা এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিক কার্যক্রম চালু রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।