দুই দফা মিসাইল ছুড়ল উ.কোরিয়া, সতর্ক অবস্থানে জাপান ও দ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া বুধবার সকালে হঠাৎ করেই দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এসব ক্ষেপণাস্ত্র জাপানের পশ্চিম উপকূল ও কোরীয় উপদ্বীপের মাঝামাঝি পূর্ব সাগরে পড়েছে, যার ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ওনসান এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই ঘটনা শনাক্ত করেছে এবং জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ও তা নিশ্চিত করেছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সর্বোচ্চ তথ্য দ্রুত সংগ্রহ করে জনগণের কাছে উপস্থাপন করতে। এছাড়া পূর্ব সাগরে অবস্থানরত বিমান, নৌযান ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম দফার ক্ষেপণাস্ত্র প্রায় ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে পড়ে। এর আগে মঙ্গলবার রাজধানী পিয়ংইয়ং থেকে একটি অজ্ঞাত বস্তু ছোড়া হলেও তা মাটিতে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সব ধরনের কার্যক্রম তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো উস্কানিমূলক পদক্ষেপ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইয়ো-জং অভিযোগ করেছিলেন, দেশটির মধ্যে বেসামরিক ড্রোন প্রবেশ করছে। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যার ধারাবাহিকতায় এবার উত্তর কোরিয়া দুই দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495