ইরানের আশপাশেই থাকবে মার্কিন সেনারা: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ, বিমান ও সেনা সদস্যদের অবস্থান অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, তেহরান যদি যুদ্ধবিরতির শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে আবারও হামলা শুরু করবে ওয়াশিংটন। খবর রয়টার্সের।
বুধবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদসহ সব মার্কিন বাহিনী ইরান এবং এর আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না যুদ্ধবিরতির চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে।
তিনি আরও বলেন, চুক্তির শর্ত ভঙ্গ হলে যুক্তরাষ্ট্র বড় ধরনের এবং শক্তিশালী সামরিক অভিযান পুনরায় শুরু করতে পিছপা হবে না।
এর আগে একই দিনে ইরান জানায়, লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া যৌক্তিক নয়। ওই হামলায় শত শত মানুষের প্রাণহানি হয়েছে বলে দাবি করা হয়।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই পক্ষের অবস্থানে স্পষ্ট ভিন্নতা দেখা গেছে। ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
এদিকে স্থায়ীভাবে সংঘাত নিরসনে আগামী শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনায় বসার কথা রয়েছে।