লেবাননে হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিল করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম
লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করেছে ইরান। চলতি সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানি প্রতিনিধি দল তেহরান থেকেই যাত্রা করেনি।
মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ ফেলো আব্বাস আসলানি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় কোনো ধরনের আলোচনায় অংশ নিতে রাজি নয় তেহরান। ইরানি প্রতিনিধি দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যতদিন লেবাননে হামলা চলবে, ততদিন ইসলামাবাদে কোনো বৈঠক হবে না। ফলে চলমান পরিস্থিতিতে কূটনৈতিক এই উদ্যোগ অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, বৈঠক স্থগিতের পেছনে শুধু যুদ্ধ পরিস্থিতিই নয়, যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানের পরিবর্তনও বড় কারণ। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের অনুমোদিত দশ দফা শান্তি পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন, যা তেহরানের মধ্যে নতুন করে আস্থার সংকট তৈরি করেছে।
আব্বাস আসলানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষা নিয়ে পুরোনো সংশয় আবারও সামনে এসেছে। সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান প্রমাণ করে, ওয়াশিংটনের ওপর নির্ভরতা রাখা কঠিন।
অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ জনমতও আলোচনার বিপক্ষে অবস্থান করছে। সাম্প্রতিক মাসগুলোতে সংলাপ চলাকালেই দুইবার সরাসরি হামলার শিকার হয়েছে দেশটি। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে— কেন বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হবে।
বিশ্লেষকদের ধারণা, এই জনমতের চাপ ইরানি প্রতিনিধি দলের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে এবং ইসলামাবাদে বৈঠক পিছিয়ে যাওয়ার পেছনে এটি অন্যতম কারণ।
এ বিষয়ে এখনো পাকিস্তান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লেবাননসহ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কূটনৈতিক সমাধানের পথকে আরও জটিল করে তুলছে।