হরমুজে অনুমতি মিলল না বাংলার জয়যাত্রার, ফিরে যাচ্ছে শারজা বন্দরে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা পথ অতিক্রম করে শুক্রবার সকালে প্রণালির নিকটে পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, ইরানের নির্দেশনা অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সমুদ্রের পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন সচল রাখার প্রয়োজনীয়তায় পানির ব্যবহার কমিয়ে দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে তাদের খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং সমপরিমাণ অতিরিক্ত ভাতাও প্রদান করা হচ্ছে।
করপোরেশনের তথ্যমতে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে ইস্পাত কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।
এর পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পাল্টা হামলার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ে।
১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন করে পণ্য তোলার পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা পরিবর্তন করে জাহাজটিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটির পরবর্তী গন্তব্য হিসেবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন নির্ধারিত ছিল, যেখানে ৩৭ হাজার টন সার বহনের পরিকল্পনা রয়েছে।