যুক্তরাষ্ট্রের তেল 'বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর': দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ বর্তমানে যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে, যাতে তারা “বিশ্বের সবচেয়ে সেরা ও সবচেয়ে মধুর” তেল ও গ্যাস সংগ্রহ করতে পারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের দুই বৃহৎ তেল অর্থনীতির দেশের তুলনায় বেশি পরিমাণ তেল মজুত রয়েছে এবং এর গুণগত মানও অনেক উন্নত। তিনি আরও মন্তব্য করেন, “আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি, দ্রুত চলে আসুন।”
বিশ্ববাজারে যখন তেলের দামে ব্যাপক ওঠানামা চলছে, ঠিক তখনই তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
ব্রেন্ট ক্রুড তেলের দাম সম্প্রতি ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে উঠে যায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর দাম প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলারের কিছু নিচে নেমে আসে।
এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ইরান এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে জাহাজ চলাচল কার্যত সীমিত করে দেয়, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়।
তবে বর্তমান দাম এখনো সংঘাত শুরুর আগের তুলনায় বেশি রয়েছে। আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারের আশপাশে লেনদেন হতো।