কলকাতার উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিটুনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটিতে স্লোগানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে শ্রীপল্লী এলাকায় ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা এবং এক প্রতিবন্ধী যুবককে মারধর করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারের সময় কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় এক বৃদ্ধা পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়। তার পাশে থাকা তৃণমূলের এক প্রতিবন্ধী কর্মীও একই স্লোগান দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরপরই তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। দাবি করা হয়েছে, অভিযুক্তরা তাদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে এবং দলীয় পতাকা লাগানো লাঠি দিয়েও আঘাত করা হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে তৃণমূলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়। পরে এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ঘোলা থানার সামনে বিক্ষোভ করেন তৃণমূল সমর্থকরা।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলটির দাবি, এ ঘটনায় তাদের কোনো কর্মী জড়িত নয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495