এবার ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ এ কথা জানিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলোচনায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে ঘোষিত যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট ঝুঁকির বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন। এ সময় ১১ এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার অগ্রগতিও সৌদি আরবকে অবহিত করা হয়।
আব্বাস আরাঘচি বলেন, ইরান দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং আলোচনায় অংশ নিয়েছে। তবে তার অভিযোগ, মার্কিন পক্ষের অতিরিক্ত ও অযৌক্তিক দাবির কারণে আলোচনা ফলপ্রসূ হয়নি। তিনি আরও উল্লেখ করেন, মার্কিন রাজনৈতিক অস্থিরতা ও আস্থাহীনতা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
এর জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, চলমান কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে এবং এই সংঘাতের অবসান ঘটিয়ে অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কমান্ডারদের ওপর হামলার পর সংঘাতের সূত্রপাত ঘটে। প্রায় ৪০ দিনের এই লড়াইয়ে ইরান পাল্টা জবাব দিয়ে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং প্রতিপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে।
পরবর্তীতে ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ধারাবাহিকতায় ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও ২১ ঘণ্টার বৈঠক শেষে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। ইরান সেখানে সেনা প্রত্যাহার ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিসহ ১০ দফা প্রস্তাব তুলে ধরে।
বর্তমানে যুদ্ধবিরতি চলমান থাকলেও হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ এবং আলোচনার অচলাবস্থা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এই প্রেক্ষাপটে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক ফোনালাপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আঞ্চলিক প্রভাবশালী শক্তি হিসেবে সৌদি আরব সরাসরি কোনো পক্ষ না নিয়ে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা শান্তি চাইলেও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না। ফলে আন্তর্জাতিক মহলে এখন নজর রয়েছে—সৌদি আরবের মধ্যস্থতায় এই সংকটের সমাধান সম্ভব কি না। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।