দক্ষিণ লেবাননে ভয়াবহ সংঘর্ষ, আরও এক ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ের সময় তিনি প্রাণ হারান। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ইসরায়েলি সেনা। এতে করে অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে একজন ইসরায়েলি সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। পাশাপাশি আহত তিন সেনার তথ্যও জানানো হয়েছে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহত সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো, বয়স ৩০ বছর। তিনি কাটস্রিন এলাকার বাসিন্দা এবং ১৮৮তম ‘বারাক’ সাঁজোয়া ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সরাসরি সংঘর্ষের সময় দক্ষিণ লেবাননে তিনি নিহত হন। আহত তিন সেনার মধ্যে একজনের অবস্থা মাঝারি গুরুতর এবং বাকি দুজন হালকা আহত। তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালে হামলা চালানো হয়েছে। এই হামলায় হাসপাতালটির ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভিডিওচিত্রে হাসপাতালের করিডোরে ভাঙা কাঁচ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। বিভিন্ন কক্ষে চিকিৎসা সরঞ্জাম এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালের বাইরে পার্ক করা গাড়িগুলোর ওপরও হামলার প্রভাব পড়ে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে। এর আগে জানা যায়, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননকে কেন্দ্র করেই মূলত এই সামরিক অভিযান পরিচালনা করছে ইসরায়েল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495