মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি ২৭ হাজার কোটি টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের প্রায় ২৭০ বিলিয়ন ডলার (প্রায় ২৭ হাজার কোটি টাকা) ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।
ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, এটি প্রাথমিক ও আনুমানিক হিসাব, এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে চূড়ান্ত হিসাব এখনো করা হয়নি এবং ধাপে ধাপে আরও বিস্তারিত মূল্যায়নের মাধ্যমে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
তিনি জানান, সরকারের অর্থনৈতিক দল কয়েক ধাপে ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। প্রথম ধাপে ভবন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির হিসাব করা হবে। দ্বিতীয় ধাপে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবং রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির মূল্যায়ন করা হবে।
ফাতেমেহ মোহাজেরানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধক্ষতিপূরণ আদায়ের বিষয়টি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
তিনি বলেন, আমরা অবশ্যই আইনি পথে আমাদের জনগণের অধিকার আদায় করব, যার মধ্যে আমাদের প্রিয়জনদের রক্তের ন্যায্য ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত থাকবে।
গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়নি। আলোচনায় হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ এবং সংঘাত নিরসনের বিষয়গুলো উঠে আসে।
বিশ্লেষকদের মতে, এই বিপুল ক্ষয়ক্ষতির দাবি শুধু অর্থনৈতিক চাপই নয়, বরং কূটনৈতিক আলোচনায় ইরানের অবস্থান আরও শক্ত করার একটি কৌশলও হতে পারে। একইসঙ্গে, ক্ষতিপূরণ ইস্যু ভবিষ্যৎ আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র: ওয়ান নিউজ