মাঝ আকাশে নারী সহযাত্রীকে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় ভারতীয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এএম

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইটে নারী সহযাত্রীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। ঘটনাটি গত সোমবার ঘটে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানায়, স্কুট এয়ারলাইনসের সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে ৫২ বছর বয়সী সুধীর কুমার চৌহান নামের ওই যাত্রী পাশের আসনে বসা এক নারীর ওপর যৌন নিপীড়ন চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান। পরে তাকে অন্য আসনে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ওপর ফ্লাইটের বাকি সময়জুড়ে কড়া নজরদারি রাখেন এয়ারলাইনস কর্মীরা।

বিমানটি পার্থে অবতরণের পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে। তার বিরুদ্ধে সম্মতিহীন যৌন সম্পর্ক ও শ্লীলতাহানির একাধিক অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, ভ্রমণের সময় প্রতিটি যাত্রীর নিরাপদ বোধ করার অধিকার রয়েছে, বিশেষ করে বিমানের মতো সীমিত পরিসরে।

তিনি আরও বলেন, কোনো যাত্রী অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হলে দ্রুত কেবিন ক্রু, পুলিশ বা বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের জানানো উচিত। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদনের শুনানি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে স্কুট এয়ারলাইনসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495