হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিয়েছি, চীন খুব খুশি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে চীন। তার মতে, এ সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা কমবে।
এর আগে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে তেহরানকে অস্ত্র সরবরাহ না করার অনুরোধ জানিয়েছিলেন। তবে এ বিষয়ে চীনের অবস্থান নিয়ে ভিন্নধর্মী তথ্যও সামনে এসেছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট।
এরপর বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ার ফলে চীন বেশ সন্তুষ্ট। তিনি দাবি করেন, এই উদ্যোগ শুধু চীনের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ।
একই পোস্টে তিনি আরও বলেন, চীন ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে এবং দুই দেশ বুদ্ধিমত্তার সঙ্গে একসঙ্গে কাজ করছে। তিনি প্রশ্ন তোলেন, সংঘাতের চেয়ে সহযোগিতা কি বেশি কার্যকর নয়? তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র লড়াই করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।