চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিখুঁত নিশানা করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম

ছবি: সংগৃহীত

চীনের তৈরি একটি গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান—এমন দাবি উঠে এসেছে এক প্রতিবেদনে। ফিন্যান্সিয়াল টাইমস বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ দিকে ইরান গোপনে চীনের একটি উন্নতমানের নজরদারি স্যাটেলাইট সংগ্রহ করে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, “টিইই” নামের স্যাটেলাইটটি চীনের আর্থ আই কোম্পানি তৈরি ও উৎক্ষেপণ করে। পরে এটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-এর অ্যারোস্পেস শাখার নিয়ন্ত্রণে যায়। স্যাটেলাইটটির মাধ্যমে মার্কিন সামরিক স্থাপনাগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয় বলে দাবি করা হয়েছে।

ফাঁস হওয়া সামরিক নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানি কমান্ডাররা নির্দিষ্ট সময় অনুযায়ী স্থানাঙ্ক, কক্ষপথ বিশ্লেষণ ও স্যাটেলাইটের চিত্র ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলো নজরদারির নির্দেশ দেন। এমনকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে মার্চ মাসে এসব ছবি তোলা হয়েছিল বলেও দাবি করা হয়।

চুক্তির অংশ হিসেবে আইআরজিসি বেইজিংভিত্তিক স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এমপোস্যাট-এর গ্রাউন্ড স্টেশন ব্যবহারের সুযোগ পায়, যার নেটওয়ার্ক এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।

তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে চীন। রয়টার্স-এর বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের দাবি ‘ভিত্তিহীন’ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তারা অভিযোগ করে, কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে চীনের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।

অন্যদিকে, হোয়াইট হাউজ, সিআইএ ও পেন্টাগন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দেয়, তবে তা বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্চ মাসে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি ঘাঁটি, বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের আশপাশ এবং ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় হামলার সময়ের কাছাকাছি ওই স্যাটেলাইট নজরদারি চালায়।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দুই সপ্তাহ পর যুদ্ধবিরতি ঘোষণা হলেও মধ্যপ্রাচ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495