ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৮ আরোহীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা আট আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।

উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

দেশটির উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, সম্ভাব্য দুর্ঘটনাস্থলটি ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। পরে ওই স্থান থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের কিছু অংশ খুঁজে পান, যা এর লেজের অংশ বলে ধারণা করা হচ্ছে।

এখনও পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্থানীয় উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানান, নিহতদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন।

সামরিক ও পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, হেলিকপ্টারটি একটি পাম তেল কোম্পানির এলাকায় পরিচালিত হচ্ছিল এবং এটি একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থার মালিকানাধীন ছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495