ইউরেনিয়াম হস্তান্তরের প্রশ্নই আসে না, ট্রাম্পের দাবিকে নাকচ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই অন্য কোনো দেশে হস্তান্তর করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে এই অবস্থান তুলে ধরেন ইরানের মুখপাত্র ইসমাইল বাগাই।
রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইসমাইল বাগাই বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের কোনো পরিকল্পনা বা সম্ভাবনা নেই। তিনি জোর দিয়ে বলেন, এই বিষয়টি ইরানের জন্য সার্বভৌমত্ব ও ভূখণ্ডের মতোই গুরুত্বপূর্ণ একটি ইস্যু।
তিনি আরও জানান, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান কখনো বিবেচনাই করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে আলোচনা হতে পারে এমন ইঙ্গিত থাকলেও বিষয়টি তিনি পুরোপুরি অস্বীকার করেননি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে সম্মত হয়েছে। একই সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানায়, ইরানের ইউরেনিয়াম মজুতের বিনিময়ে প্রায় ২ হাজার কোটি ডলারের একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র।
এদিকে পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনার মাধ্যমে বিরোধ নিরসন ও নতুন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।