ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি মিথ্যা: বাঘের গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে সম্প্রতি যে সাতটি দাবি করেছেন, সেগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের একাধিক বক্তব্যের জবাব দেন। গালিবাফ বলেন, এসব মিথ্যা বক্তব্য দিয়ে যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধেও জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও আলোচনায় কোনো অগ্রগতি অর্জন করতে পারবে না।

তিনি আরও বলেন, ইরানের ওপর অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খোলা থাকবে না। প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুট ও ইরানের অনুমোদনের ভিত্তিতেই হবে। হরমুজ প্রণালির নিয়মকানুন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারণ করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে শুক্রবার দিনের শুরুতে ইরান ইস্যুতে একাধিক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা ব্লুমবার্গ নিউজকে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেন।

ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ভবিষ্যতে আর কখনো বন্ধ না করার বিষয়ে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পূর্ণ শক্তি ও কার্যকারিতাসহ বহাল থাকবে, যতক্ষণ না দুই দেশের মধ্যে লেনদেন সম্পূর্ণ হয়।

তিনি আরও জানান, আগামী রোববার আলোচনায় অগ্রগতি হতে পারে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে রাজি হয়েছে। এছাড়া ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরেও সম্মত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495