বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়া চলবে না: আসামের মুখ্যমন্ত্রীর হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:০১ এএম
ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে খাদ্যাভ্যাস ইস্যুতে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। তার এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কোচবিহারে এক নির্বাচনি জনসভায় তিনি স্পষ্টভাবে বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়ার অনুমতি থাকবে না। এই মন্তব্যের পর অনেকে মনে করছেন, রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র করতে গরুর মাংস ইস্যুকে সামনে আনা হচ্ছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্য সংস্কৃতিতে হস্তক্ষেপ হতে পারে। দলটির নেতারা বিভিন্ন সময় এ বিষয়ে সতর্কবার্তাও দিয়েছেন।
হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, তৃণমূল এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার ভাষায়, আসামে বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও সাধারণ খাদ্যাভ্যাসে কোনো বাধা নেই। তবে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গরুকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়, তাই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়া ও গরু পাচার দুটিই কঠোরভাবে বন্ধ করা হবে।
তিনি আরও বলেন, বিজেপি সাধারণ মাংস খাওয়ার বিরুদ্ধে নয়, কেবল গরুর মাংস সংক্রান্ত বাণিজ্য বন্ধ করার বিষয়েই কঠোর অবস্থান নেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্যে একদিকে খাদ্য সংস্কৃতির প্রশ্ন, অন্যদিকে ধর্মীয় অনুভূতির ইস্যু সামনে আনা হচ্ছে। ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে উন্নয়ন ও কর্মসংস্থানের পাশাপাশি খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠছে।