আবারও একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়ল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম
আবারও সামরিক শক্তির প্রদর্শন ঘটিয়েছে উত্তর কোরিয়া। দেশটি পূর্ব উপকূল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
রোববার (১৯ এপ্রিল) ভোরে স্থানীয় সময় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
চলতি বছরে এটি পিয়ংইয়ংয়ের সপ্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। শুধু এপ্রিল মাসেই চারবার এমন নিক্ষেপের ঘটনা ঘটল, যা দেশটির সামরিক তৎপরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ভোর ৬টা ১০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এগুলো পিয়ংইয়ংয়ের সিনপো শহরের উপকূলীয় এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, জাপান সরকার জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে গিয়ে পড়ে। তবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জরুরি নিরাপত্তা বৈঠক ডাকে। বিশ্লেষকদের মতে, এ ধরনের পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। যদিও পিয়ংইয়ং বরাবরই এসব বিধিনিষেধ অস্বীকার করে আসছে এবং এটিকে আত্মরক্ষার অধিকার বলে দাবি করছে।
কিয়ংনাম বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক লিম ইউল চুল বলেন, মধ্যপ্রাচ্যে ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকায় এই সময়কে কৌশলগতভাবে কাজে লাগাচ্ছে উত্তর কোরিয়া। তারা নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও শক্তিশালী করতে চাইছে।
উল্লেখ্য, গত মার্চের শেষদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে তাদের অবস্থান অপরিবর্তনীয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা সম্প্রসারণ অব্যাহত রাখার কথাও জানান তিনি।